তিন মাস পর খুলে গেলো জঙ্গল

Chandan Das

এসএন মিডিয়া: তিন মাস বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে পর্যটকদের জন্য খুলে গেল ডুয়ার্সের সংরক্ষিত বনাঞ্চল এবং জাতীয় উদ্যান। যদি অন্যান্য বছরের তুলনায় জঙ্গল খোলার প্রথমদিন সাত সকালে জঙ্গল সাফারিতে পর্যটকদের তেমন ভিড় লক্ষ্য করা গেল না ডুয়ার্সের গরুমারা জাতীয় উদ্যানে। তবে পুজোর আগেই ভিড় বাড়বে বলে আশাবাদী সকলেই। পর্যটকদের জন্য জঙ্গলের সমস্ত রকম বন্দোবস্ত করে রেখেছে বন দফতর। উল্লেখ্য বন্যপ্রাণীদের প্রজননের জন্য প্রতি বছর ১৬ই জুন থেকে ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকে জঙ্গলে প্রবেশ এবং বন বাংলো। এই সময় জঙ্গলের ভেতর প্রবেশ করে কেউ তাদের উত্ত্যক্ত করতে না পারে সেই কারণে জঙ্গল এই তিন মাস বন্ধ রাখা হয়। ভ্রমণ পিপাসুদের কাছে অত্যন্ত পছন্দের জায়গা হল ডুয়ার্স। ডুয়ার্সের পর্যটন শিল্পের বেশিরভাগই জঙ্গল কেন্দ্রিক, পাশাপাশি রয়েছে বিভিন্ন পর্যটনকেন্দ্র।এদিন বন দফতরের নিয়ম অনুযায়ী ভোর ৫.৩০ নাগাদ প্রথম শিফটের জঙ্গল সাফারি শুরু হয়। প্রথম দিনেই ভোরবেলা গরুমারা জাতীয় উদ্যানে জঙ্গল সাফারি করে পর্যটকরা । পর্যটকদের নিয়ে একে একে জঙ্গলের পথে রওনা হয় জিপসি গাড়িগুলি। ডুয়ার্সে ঘুরতে আসা পর্যটকদের কাছে মূল আকর্ষণ হল জঙ্গল সাফারি।প্রথম দিন জঙ্গল সাফারি করার জন্য অনেকেই অপেক্ষায় ছিলেন।পর্যটকেরা ডুয়ার্সের গরুমারা জাতীয় উদ্যানে করতে পারবে জিপসি সাফারি ও হাতি সাফারি। পাশাপাশি সুযোগ রয়েছে হাতির স্নান দেখার।পুজোর আগে ইতিমধ্যে ডুয়ার্সের বিভিন্ন হোটেল, রিসোর্টে পর্যটকদের বুকিং শুরু করেছে। তিনমাস পর পর্যটন ব্যবসায়ীরা আশাবাদী পুজোর মরশুমে হয়তো ভালো ব্যাবসা হবে।পাশাপাশি পর্যটকদের আগমনে নিজেদের কাজ শুরু হাওয়ায় খুশি টুরিস্ট গাইড, জিপসি চালক সহ এই পেশার সঙ্গে যুক্ত সকলে।

অন্যদিকে এদিন জলদাপাড়ায় পর্যটকদের ফুল দিয়ে স্বাগত জানান হয়। জলদাপাড়ায় পর্যটকদের কিছুটা ভিড় লক্ষ্য করা যায়।

Share This Article
Leave a comment