এসএন মিডিয়া,নিউজ ডেস্ক:কাজ শেষ হওয়ার কয়েক মাসের মধ্যেই রাস্তার বিভিন্ন অংশে পিচ উঠে যাওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। সেই অভিযোগের মধ্যেই শুক্রবার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা (PMGSY)-এর আওতায় নির্মিত জামালদহ হাট থেকে শৌলমারী বাজার পর্যন্ত MRL-03 সড়কে বিশেষ রোড টেস্ট করা হয়।
পরীক্ষার সময় উপস্থিত ছিলেন PNRD ও WBSRDA-র অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুমন চৌধুরী। তিনি জানান, এটি সম্পূর্ণ রুটিন কোয়ালিটি চেকিং। বর্তমানে নতুন প্রযুক্তিতে রাস্তা নির্মাণ করা হচ্ছে এবং সেই প্রযুক্তিগত মান যাচাই করতেই এই পরীক্ষা করা হয়।
তিনি আরও জানান, এখন পর্যন্ত পরীক্ষার ফল সন্তোষজনক। তবে রাস্তার বিটুমিন কনটেন্ট পরীক্ষা এখনও চলছে। এর আগে একই প্রকল্পের প্রায় ১.৫ কিলোমিটার অংশে মানগত ত্রুটি ধরা পড়ায় পুরনো পিচ তুলে নতুন করে রাস্তা তৈরি করা হয়েছিল।
অন্যদিকে, স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, রাস্তার কাজ নিম্নমানের হয়েছে। তাঁদের দাবি, কাজ শেষ হওয়ার মাত্র কয়েক মাসের মধ্যেই বিভিন্ন জায়গায় পিচ উঠে যাচ্ছে, যা নির্মাণের গুণমান নিয়ে প্রশ্ন তুলছে।
এই অভিযোগের জবাবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুমন চৌধুরী বলেন, ব্লিডিং (Bleeding) ঠিকভাবে না হওয়া এবং প্রতিকূল আবহাওয়ার কারণে কিছু সমস্যা দেখা দিয়েছে। তিনি আশ্বাস দিয়ে জানান, আবহাওয়া অনুকূলে এলে আগামী সেপ্টেম্বর মাসে ক্ষতিগ্রস্ত অংশগুলির মেরামতির কাজ করা হবে।
এখন প্রশ্ন একটাই—রোড টেস্টের চূড়ান্ত রিপোর্টে কী উঠে আসে, আর গ্রামবাসীর অভিযোগের সমাধান কত দ্রুত হয়, সেদিকেই নজর সকলের।