এসএন মিডিয়া,নিউজ ডেস্ক:বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। এর প্রভাবে রাজ্যজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনায় মৎস্যজীবীদের ১৫ অগস্ট পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় অতিভারী বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে জারি রয়েছে কমলা সতর্কতা।
কলকাতায় দিনভর আকাশ মেঘলা থাকবে। দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গেও দুর্যোগের আশঙ্কা থাকছে। আগামী সাত দিন প্রায় সব জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ফলে পাহাড় ও সমতল—দুই এলাকাতেই সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।