মদের আসরে বন্ধুর হাতে বন্ধু খুন! চাঞ্চল্য হাবড়ায়

Chandan Das

এসএন মিডিয়া,নিউজ ডেস্ক: উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থানার অন্তর্গত বিরা নবপল্লী এলাকায় মদের আসরে বন্ধুর হাতে বন্ধু খুন! ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম মঙ্গল সাধক (১৯)। পরিবারের দাবি, তাদের আদি বাড়ি উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুরের লেলিনগড় এলাকায় হলেও মঙ্গল মামা বাড়িতেই থাকত। মৃতের দাদা বাবুল সাধক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, রবিবার রাত সাড়ে ৯ টা নাগাদ এলাকার বাসিন্দা টুকু ও বিজয় নামে দুই যুবক মঙ্গলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। অভিযোগ, মদ্যপানের নাম করে তাকে পাশের একটি কলাবাগানে নিয়ে যাওয়া হয়। এরপর ধারালো অস্ত্র দিয়ে মাথা ও গলায় একাধিক আঘাত করে তাকে খুন করা হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা তৈরি হয় এলাকায়। খবর পেয়ে হাবরা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে হাবরা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। পুলিশ ইতিমধ্যেই এক অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। প্রাথমিক অনুমান, ধারালো অস্ত্রের আঘাতেই মৃত্যু হয়েছে যুবকের। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Share This Article
Leave a comment