এসএন মিডিয়া,নিউজ ডেস্ক:অপেক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। এর ফলে তীব্র গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে স্বস্তি পেতে চলেছেন উত্তরবঙ্গের মানুষ। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্ষা প্রবেশের পর থেকেই উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং ও দার্জিলিং জেলায় বুধবার ভারী বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যান্য জেলাতেও সপ্তাহজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
অন্যদিকে, দক্ষিণবঙ্গে এখনও বর্ষা প্রবেশ না করলেও বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তরের মতে, পূর্ব বিহার থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা এবং উত্তরপ্রদেশের ঘূর্ণাবর্তের প্রভাবে বুধবার থেকেই ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা ও হুগলিতে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে আগামী কয়েকদিনে গরমের দাপট কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।