এসএন মিডিয়া,নিউজ ডেস্ক: উত্তরবঙ্গের আকাশে ক্রমেই বাড়ছে মেঘের আনাগোনা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন উত্তরবঙ্গের একাধিক জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহারসহ বিভিন্ন জেলায় সপ্তাহজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কায় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার থেকে উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
অন্যদিকে, দক্ষিণবঙ্গে আপাতত গরম ও আর্দ্রতার অস্বস্তি থাকলেও বুধবার থেকে কলকাতাসহ একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে সিকিম ও উত্তরবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।