এসএন মিডিয়া, নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গে শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলতে প্রায় ৬০০ কোটি টাকা বিনিয়োগে হাওড়ার সাঁকরাইলে একটি অত্যাধুনিক ডেয়ারি প্ল্যান্ট গড়ে তুলতে চলেছে আমূল। দেশের বৃহত্তম দুগ্ধ উৎপাদনকারী সংস্থার এই উদ্যোগকে কেন্দ্র করে রাজ্যে ‘শ্বেত বিপ্লব’-এর সম্ভাবনা জোরদার হয়েছে।
আগামী ১৩ জুন প্রকল্পের ভূমিপুজো অনুষ্ঠিত হওয়ার কথা। সংস্থার সূত্রে জানা গিয়েছে, এই প্ল্যান্টে মূলত দই, লস্যি ও ঘোল উৎপাদন করা হবে। দৈনিক ১০ লক্ষ লিটার উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই কারখানাটি গুজরাতের ‘আনন্দ মডেল’-এর আদলে পরিচালিত হবে, যা রাজ্যের দুগ্ধচাষীদের আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সাঁকরাইলকে বেছে নেওয়ার পেছনে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা। কলকাতা, হলদিয়া বন্দর, জাতীয় সড়ক এবং বিমানবন্দরের নিকটবর্তী হওয়ায় কাঁচামাল ও পণ্য পরিবহনে সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।
বর্তমানে আমূলের টার্নওভার ১ লক্ষ কোটি টাকারও বেশি এবং প্রায় ৩৬ লক্ষ গোয়ালা সংস্থার সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গেও একই সমবায়ভিত্তিক মডেল চালু করা হবে। বিশেষজ্ঞদের মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় যুবকদের জন্য বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং রাজ্যের দুগ্ধ শিল্পে নতুন গতি সঞ্চার হবে।