এসএন মিডিয়া,নিউজ ডেস্ক: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অস্টিওআর্থ্রাইটিস বা বাতের সমস্যা অনেকের কাছেই বড় উদ্বেগের কারণ হয়ে ওঠে। হাঁটু, কোমর কিংবা বিভিন্ন অস্থিসন্ধিতে ব্যথা ও অস্বস্তির কারণে দৈনন্দিন কাজকর্মও ব্যাহত হয়। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত চিকিৎসার পাশাপাশি খাদ্যাভ্যাসে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনলে বাতের ব্যথা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
পুষ্টিবিদরা জানাচ্ছেন, হাড় ও জোড়ের সুস্থতার জন্য প্রতিদিনের খাদ্যতালিকায় ক্যালশিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার রাখা জরুরি। দুধ, দই, সবুজ শাকসবজি এবং বিভিন্ন ধরনের বাদাম এ ক্ষেত্রে বিশেষ উপকারী। পাশাপাশি পেশি ও অস্থিসন্ধিকে শক্তিশালী রাখতে মাছ, ডিম, ডাল ও সয়াবিনের মতো প্রোটিনসমৃদ্ধ খাবার নিয়মিত খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
অন্যদিকে, বোতলবন্দি নরম পানীয় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এসব পানীয়তে থাকা ফসফরিক অ্যাসিড হাড়ের ক্ষয়ের ঝুঁকি বাড়াতে পারে। একই সঙ্গে অতিরিক্ত নুন ও চিনি রয়েছে এমন প্রক্রিয়াজাত খাবার এবং ফাস্টফুড শরীরে প্রদাহ বাড়িয়ে ব্যথা আরও তীব্র করতে পারে। ডুবো তেলে ভাজা খাবারও বাতের রোগীদের জন্য ক্ষতিকর বলে মনে করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, সুষম খাদ্যাভ্যাসের মাধ্যমে শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা গেলে হাঁটুর ওপর চাপ কমে এবং বাতের ব্যথা থেকে উল্লেখযোগ্য স্বস্তি পাওয়া সম্ভব।