এসএন মিডিয়া,নিউজ ডেস্ক:৪ মাস ধরে বাঁকুড়ায় থাকার পর এবার দলমায় ফেরার পথ ধরলো হাতির দল । গতকাল সন্ধ্যার পর থেকে দফায় দফায় মোট ৬৩ টি হাতি বড়জোড়ার সাহারজোড়া ও পাবয়ার জঙ্গল ছেড়ে পুরানো রুটে ফিরতে শুরু করে । আলু বসানোর এই মরসুমে হাতির দল ফিরতে শুরু করায় ফেরার পথে ব্যপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বিস্তীর্ণ এলাকার মানুষ ।
প্রতি বছরের রুটিন অনুযায়ী চলতি বছরও অগাস্ট মাসের গোড়ার দিকে খাবারের খোঁজে দলমা থেকে এ রাজ্যে এসে পৌঁছায় ৬৩ টি হাতির দল । সেই দল পশ্চিম মেদিনীপুর হয়ে সটান গিয়ে হাজির হয় বাঁকুড়ার বড়জোড়া বনাঞ্চলের পাবয়া ও সাহারজোড়া এলাকায় । বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত ভাবে জঙ্গলে জঙ্গলে হাতির দল ঘুরে বেড়ালে তাদের নিয়ন্ত্রণ অনেক কঠিন হয়ে পড়ে । জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে ফসল ও সাধারণের সম্পত্তি হানির পাশাপাশি বৃদ্ধি পায় প্রাণ হানির ঘটনাও । সে৩ই আশঙ্কায় গত চার মাস ধরে সাহারজোড়া ও পাবয়ার জঙ্গলের একটি নির্দিষ্ট এলাকায় তারকাঁটা দিয়ে ঘেরা জায়গায় আটকে রাখা হয় হাতির দলকে । নির্দিষ্ট ও জায়গায় হাতিগুলির খাবারের যাতে কোনোরকম অভাব না হয় সেদিকেও কড়া নজর রাখে বন দফতর । কিন্তু আমন ধান তোলার মরসুম শেষ হতেই হাতির দল এবার পুরানো রুট ধরে ফিরতে শুরু করলো দলমায় । বন দফতর সূত্রে জানা গেছে মোট ৩ টি দলে ভাগ হয়ে হাতিগুলি পশ্চিম মেদিনীপুর হয়ে দলমার পথ ধরেছে । হাতিগুলির যাত্রাপথে যাতে সর্বনিম্ন ক্ষয়ক্ষতি হয় এবং যাতে হাতিগুলির নিরাপত্তাও বিঘ্নিত না হয় সে ব্যাপারে লাগাতার নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছে বন দফতর