এসএন মিডিয়া,নিউজ ডেস্ক:নেতাজি সুভাষচন্দ্র বসুকে সমাজমাধ্যমে অসম্মান করার অভিযোগে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল রাজ্য সরকার। বুধবার উত্তরবঙ্গের বিজেপি বিধায়কদের একাংশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে বিষয়টি তাঁর নজরে আনেন। এরপরই মুখ্যমন্ত্রী জানান, নেতাজিকে নিয়ে আপত্তিকর পোস্ট করা ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। অবিলম্বে ওই পোস্ট মুছে ক্ষমা চাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। তবে শুধু ক্ষমা চাইলেই রেহাই মিলবে না বলেও স্পষ্ট বার্তা দেন তিনি।
এদিন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের নেতাজি-সংক্রান্ত সাম্প্রতিক মন্তব্য নিয়েও মুখ খোলেন শুভেন্দু। তাঁর বক্তব্য, আইন সকলের জন্য সমান। নেতাজি সুভাষচন্দ্র বসু দেশের স্বাধীনতার জন্য লড়াই করা এক মহান দেশপ্রেমিক। তাঁর সম্পর্কে অশোভন, অপমানজনক বা আপত্তিকর মন্তব্য কোনও প্রকৃত ভারতবাসী মেনে নিতে পারেন না। পশ্চিমবঙ্গের মাটিতে নেতাজিকে অসম্মান করার ঘটনা কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলেও কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী।