বদলে গেল ‘কন্যাশ্রী’ ও ‘সবুজ সাথী’র নাম, নতুন পরিচয়ে ‘কন্যারত্ন’ ও ‘সারথী’

Chandan Das

এসএন মিডিয়া,নিউজ ডেস্ক:রাজ্যের দুটি জনপ্রিয় সরকারি প্রকল্প ‘কন্যাশ্রী’ ও ‘সবুজ সাথী’র নাম পরিবর্তনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানান, ২০১৩ সালে চালু হওয়া ‘কন্যাশ্রী’ প্রকল্পের নতুন নাম হবে ‘কন্যারত্ন’। একইসঙ্গে স্কুলপড়ুয়াদের সাইকেল বিতরণ প্রকল্প ‘সবুজ সাথী’র নাম বদলে রাখা হচ্ছে ‘সারথী’। তবে প্রকল্পের নাম পরিবর্তন হলেও ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা ও অন্যান্য সমস্ত সুবিধা আগের মতোই চালু থাকবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

তিনি জানান, প্রতি বছরের ১৪ আগস্ট ‘কন্যাশ্রী দিবস’ আগের নিয়মেই পালিত হবে, তবে নতুন নাম হবে ‘কন্যারত্ন দিবস’। উল্লেখ্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে চালু হওয়া ‘কন্যাশ্রী’ প্রকল্পের মাধ্যমে ১৩ থেকে ১৮ বছর বয়সি ছাত্রীরা বার্ষিক ১ হাজার টাকা এবং ১৮ বছর পূর্ণ হলে নির্দিষ্ট শর্তে এককালীন ২৫ হাজার টাকা পেয়ে থাকে। অন্যদিকে, ‘সারথী’ নামেই চলবে পড়ুয়াদের সাইকেল বিতরণ কর্মসূচি। সরকারের এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Share This Article
Leave a comment