এসএন মিডিয়া,নিউজ ডেস্ক:নিট (NEET) প্রশ্নফাঁস কাণ্ডকে কেন্দ্র করে দেশজুড়ে চলা ছাত্র আন্দোলনের আবহে এবার মুখ খুললেন অভিনেতা ও প্রযোজক দেব। সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্টে তিনি দেশের তরুণ প্রজন্মের পাশে দাঁড়িয়ে তাদের দাবি গুরুত্ব সহকারে শোনার আহ্বান জানান। দেব লেখেন, গত কয়েক দিন ধরে তিনি দেশের অসংখ্য শিক্ষার্থীর কণ্ঠস্বর অনুসরণ করছেন এবং তাঁদের উদ্বেগকে সততা, সহমর্মিতা ও মর্যাদার সঙ্গে বিবেচনা করা উচিত। তিনি বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ এবং ভারতের সবচেয়ে বড় শক্তি তার তরুণ মন। কেন্দ্রীয় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে দ্রুত গঠনমূলক সমাধান খুঁজে বের করার আবেদনও জানান তিনি। একই সঙ্গে শান্তি ও সংযম বজায় রাখার বার্তা দেন অভিনেতা। এর আগে গায়ক অরিজিৎ সিংও ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকার সমালোচনা করেছিলেন। অরিজিতের পর দেবের এই মন্তব্যও রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।