একটানা বৃষ্টিতে বন্যার তাণ্ডব, জলের তোড়ে ভেসে গেল প্রায় ৩ হাজার এলপিজি সিলিন্ডার 

Chandan Das

এসএন মিডিয়া,নিউজ ডেস্ক: প্রবল বর্ষণে সৃষ্ট বন্যার জেরে মহারাষ্ট্রের রায়গড় জেলায় বড়সড় বিপত্তি। জলের তোড়ে ভেসে গিয়েছে প্রায় ৩ হাজার রান্নার গ্যাস (এলপিজি) সিলিন্ডার। ঘটনাটি ঘটেছে রায়গড় জেলার পানভেল তালুকের চাভানে গ্রামে অবস্থিত এইচপিসিএলের পাতালগঙ্গা এলপিজি বটলিং প্ল্যান্টে। টানা বৃষ্টির ফলে প্ল্যান্টে বন্যার জল ঢুকে পড়তেই ভরা ও খালি দুই ধরনের সিলিন্ডারই স্রোতে ভেসে যায়।

ঘটনার পরই রায়গড় জেলা প্রশাসন এলাকায় উচ্চ সতর্কতা জারি করেছে। জেলাশাসক কিষাণ জাওয়ালে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে জানিয়েছেন, নদীর ধারে বা নিম্নাঞ্চলে কোনও সিলিন্ডার ভেসে আসতে দেখলে কেউ যেন তা স্পর্শ না করেন বা বাড়িতে নিয়ে না যান। তাঁর কথায়, ভেসে যাওয়া সিলিন্ডারগুলিতে গ্যাস রয়েছে কি না বা সেগুলির অবস্থা কী, তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। অসাবধানতাবশত সেগুলি ব্যবহার বা খোলার চেষ্টা করলে বিস্ফোরণ কিংবা প্রাণহানির মতো গুরুতর দুর্ঘটনা ঘটতে পারে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ উদ্ধারকারী দল ইতিমধ্যেই ভেসে যাওয়া সিলিন্ডারগুলি খুঁজে বের করার কাজ শুরু করেছে। পাশাপাশি প্লাবিত বটলিং প্ল্যান্টের ক্ষয়ক্ষতির পরিমাণও খতিয়ে দেখা হচ্ছে। কোনও সিলিন্ডার চোখে পড়লে সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসন বা পুলিশকে খবর দেওয়ার আবেদন জানানো হয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এলাকাজুড়ে বাড়তি নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকবে।

Share This Article
Leave a comment