এসএন মিডিয়া,নিউজ ডেস্ক:NEET-UG পরীক্ষার প্রশ্নফাঁস ও পরীক্ষা পরিচালনায় একের পর এক অনিয়মের ঘটনায় কেন্দ্র সরকারকে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি পি এস নরসিমহা এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, পরীক্ষা ব্যবস্থায় এই ধরনের ত্রুটি আর বরদাস্ত করা হবে না। আদালত কেন্দ্রের কাছে জানতে চেয়েছে, ভবিষ্যতে সম্পূর্ণ পরীক্ষা ব্যবস্থা অনলাইন বা কম্পিউটার-ভিত্তিক করার বিষয়ে সরকারের পরিকল্পনা কী এবং সেই ক্ষেত্রে ডেটা সুরক্ষা কীভাবে নিশ্চিত করা হবে।
শুনানিতে আদালত জানায়, পুরো বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণে রাখা হবে এবং পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও ত্রুটিমুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিশ্চিত করতে হবে। কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, শিক্ষার্থীদের স্বার্থে সরকার অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করছে এবং বিস্তারিত পরিকল্পনা উপস্থাপনের জন্য কিছুটা সময় চান। এরপর মামলার পরবর্তী শুনানির দিন হিসেবে আগামী ৩ অগাস্ট ধার্য করেছে সুপ্রিম কোর্ট। এদিকে প্রশ্নফাঁস ইস্যুতে দেশজুড়ে ছাত্র বিক্ষোভের আবহে কেন্দ্র পরীক্ষা সংক্রান্ত আইন আরও কঠোর করার প্রস্তুতি নিচ্ছে বলেও সূত্রের খবর।