এসএন মিডিয়া,নিউজ ডেস্ক:সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর, গুজব এবং বিভ্রান্তিকর তথ্যের বাড়বাড়ন্ত রুখতে কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। তথ্য ও সংস্কৃতি দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৪ ঘণ্টা সক্রিয় থাকবে একটি বিশেষ ‘ওয়ার রুম’, যার মূল লক্ষ্য হবে ভুয়ো তথ্য দ্রুত শনাক্ত করা, সত্যতা যাচাই করা এবং সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া।
সরকারি সূত্রে জানানো হয়েছে, সংবাদপত্র, টেলিভিশন, ডিজিটাল নিউজ পোর্টাল এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশিত তথ্যের উপর সার্বক্ষণিক নজরদারি চালানো হবে। জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে প্রতিটি গুরুত্বপূর্ণ খবর যাচাই করা হবে।
এই ওয়ার রুমের নেতৃত্বে থাকবেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব। সদস্য হিসেবে থাকবেন স্বরাষ্ট্র, তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স, স্বাস্থ্য, বিপর্যয় মোকাবিলা দপ্তর, পুলিশ এবং প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। পাশাপাশি নির্ভরযোগ্য সংবাদমাধ্যম ও ফ্যাক্ট-চেকিং সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে পরিস্থিতির রিপোর্ট রাজ্য সরকারের কাছে জমা দেওয়া হবে। সরকারের দাবি, দ্রুত তথ্যভিত্তিক জবাব দিয়ে গুজবের জেরে জনমনে আতঙ্ক বা বিভ্রান্তি ছড়ানো রোধ করাই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য।