এসএন মিডিয়া,নিউজ ডেস্ক:বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে মঙ্গলবারও রাজ্যের আবহাওয়া রইল অস্থির। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গে মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি রয়েছে। এছাড়া কোচবিহার, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে গোটা সপ্তাহজুড়েই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
অন্যদিকে, মঙ্গলবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পুরুলিয়া ও বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে উত্তাল সমুদ্রের কারণে কাকদ্বীপের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।