এসএন মিডিয়া,নিউজ ডেস্ক:বঙ্গোপসাগরের নিম্নচাপটি দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে পরিণত হলেও উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা আরও বেড়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার উত্তরবঙ্গের সব জেলাতেই ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে দার্জিলিং, কালিম্পং-সহ পার্বত্য এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে। টানা বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় নতুন করে ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি তিস্তা-সহ একাধিক নদীর জলস্তর বিপদসীমার কাছাকাছি বা তার উপরে পৌঁছতে শুরু করায় প্লাবনের আশঙ্কাও বাড়ছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার দিনভর প্রবল বৃষ্টির পর মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে। তবে ভারী বর্ষণের জেরে সড়ক যোগাযোগ, পাহাড়ি রাস্তা এবং জনজীবনে ব্যাপক প্রভাব পড়তে পারে বলে প্রশাসনকে সতর্ক করা হয়েছে। ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।
অন্যদিকে, মৌসুমি অক্ষরেখা রাঁচি হয়ে দিঘা পর্যন্ত বিস্তৃত থাকায় দক্ষিণবঙ্গেও বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় রয়েছে। সোমবার কলকাতা-সহ একাধিক জেলায় মেঘলা আকাশ ও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়বে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ৭ থেকে ১১ সেন্টিমিটার ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া জলমগ্ন ও পাহাড়ি এলাকায় যাতায়াত এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।