এসএন মিডিয়া,নিউজ ডেস্ক:বন্যা, দাবানল এবং চোরাশিকারের জোড়া আঘাতে গরুমারা জাতীয় উদ্যানে বিরল হিসপিড হেয়ার বা খাগরি খরগোশের অস্তিত্ব আজ চরম সংকটে। একসময় গরুমারার বিস্তীর্ণ তৃণভূমি ছিল এই লাজুক প্রাণীর নিরাপদ আবাস। কিন্তু বর্ষার প্লাবনে ঘাসবন পলিতে ঢেকে যাওয়া এবং চৈত্র মাসে বারবার দাবানলে সেই বাসস্থান কার্যত ধ্বংস হয়েছে।
বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে গরুমারায় এই বিরল খরগোশের দেখা মেলেনি। ২০১৩ সালে প্রাণী বৈজ্ঞানিক সমীক্ষা সংস্থার অনুসন্ধানেও হিসপিড হেয়ারের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়নি। প্রাক্তন বনাধিকারিকদের মতে, চোরাশিকারও এদের সংখ্যা কমে যাওয়ার অন্যতম কারণ।
তবে সম্প্রতি কয়েকজন বনকর্মী রাতের টহলে হিসপিড হেয়ারের মতো একটি প্রাণী দেখার দাবি করেছেন। যদিও তার কোনও আলোকচিত্র এখনও মেলেনি। বন দপ্তরের আশা, তৃণভূমি পুনরুদ্ধার ও দীর্ঘমেয়াদি সংরক্ষণ পরিকল্পনা কার্যকর হলে ভবিষ্যতে আবারও গরুমারার ঘাসবনে এই বিরল খাগরি খরগোশের দেখা মিলতে পারে।