কিছু মানুষের জন্য কাঁচা পেঁয়াজ হতে পারে সমস্যার কারণ, সতর্ক করলেন পুষ্টিবিদরা

Chandan Das

এসএন মিডিয়া,নিউজ ডেস্ক:দুপুরের খাবার হোক বা সালাদের প্লেট, কাঁচা পেঁয়াজ ছাড়া অনেকেরই খাওয়া যেন অসম্পূর্ণ। স্বাদ বাড়ানোর পাশাপাশি এতে থাকা প্রিবায়োটিক, অ্যান্টি-অক্সিড্যান্ট ও অন্যান্য পুষ্টিগুণ অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে, রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। তবে পুষ্টিবিদদের মতে, কাঁচা পেঁয়াজ সবার জন্য সমান উপকারী নয়। বিশেষ কিছু শারীরিক সমস্যায় এটি উল্টে অস্বস্তির কারণ হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, পেঁয়াজে থাকা ‘ফ্রুকটান’ নামের এক ধরনের ফাইবার অনেকের শরীরে সহজে হজম হয় না। ফলে পেট ফাঁপা, গ্যাস, বুকে জ্বালাপোড়া, অ্যাসিড রিফ্লাক্স বা বদহজমের মতো সমস্যা দেখা দিতে পারে। এছাড়া পেঁয়াজে উপস্থিত সালফার ও কিছু অ্যান্টি-অক্সিড্যান্ট সংবেদনশীল পাকস্থলীতে জ্বালাভাব সৃষ্টি করতে পারে।

বিশেষ করে যাঁরা ‘ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম’ (আইবিএস)-এ ভুগছেন, তাঁদের কাঁচা পেঁয়াজ এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদরা। এই রোগে আক্রান্তদের ক্ষেত্রে কাঁচা পেঁয়াজ খেলে পেটে ব্যথা, অস্বস্তি, বদহজম, খিদে কমে যাওয়া এবং হঠাৎ পেট মুচড়ে যাওয়ার মতো সমস্যা বাড়তে পারে। একইভাবে যাঁদের দীর্ঘদিনের গ্যাস্ট্রিক, অম্বল বা অ্যাসিডিটির প্রবণতা রয়েছে, তাঁদেরও সতর্ক থাকা উচিত।

বিশেষজ্ঞদের পরামর্শ, পেঁয়াজের উপকারিতা যেমন রয়েছে, তেমনই নিজের শরীরের হজমক্ষমতা বুঝে তা খাদ্যতালিকায় রাখা জরুরি। কোনো দীর্ঘস্থায়ী হজমজনিত সমস্যা থাকলে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নিয়েই কাঁচা পেঁয়াজ খাওয়া উচিত।

Share This Article
Leave a comment