গরমে নাজেহাল উত্তরবঙ্গ, বর্ষা ও নিম্নচাপের জোড়া প্রভাবে দুর্যোগের আশঙ্কা! কী বলছে হাওয়া অফিস?

Chandan Das

এসএন মিডিয়া,নিউজ ডেস্ক: তীব্র গরম ও অস্বস্তিকর আর্দ্রতায় নাজেহাল উত্তরবঙ্গ-সহ গোটা রাজ্য। তবে সেই পরিস্থিতিতে এবার বড় পরিবর্তনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বর্ষার দাপট উল্লেখযোগ্যভাবে বাড়বে। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ এবং সক্রিয় বর্ষাকালীন অক্ষরেখার যৌথ প্রভাবে বুধবার ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

এদিকে নিম্নচাপের প্রভাবে রবিবার রাত থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দাপট শুরু হয়েছে। নিম্নচাপটি ওডিশা-দিঘা উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে, যার প্রভাব আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়ায় বজায় থাকবে।

প্রবল বর্ষণের জেরে উত্তরবঙ্গের নিচু এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। নদী তীরবর্তী এলাকাগুলিতে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে। পাশাপাশি মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহবিদদের মতে, বর্ষা ও নিম্নচাপের জোড়া প্রভাবে সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত উত্তরবঙ্গজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকতে পারে।

Share This Article
Leave a comment