গ্যাসের দামে বড় স্বস্তি! প্রায় ২০০ টাকা কমল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার

Chandan Das

এসএন মিডিয়া,নিউজ ডেস্ক:মধ্যপ্রাচ্যে চলতে থাকা অস্থিরতার আবহে দেশের রেস্তোরাঁ, হোটেল এবং অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য বড় স্বস্তির খবর। কেন্দ্র সরকারের সিদ্ধান্তে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি (LPG) গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় ২০০ টাকারও বেশি কমানো হয়েছে। শনিবার থেকেই নতুন এই মূল্য কার্যকর হয়েছে।

সংশোধিত মূল্য অনুযায়ী, রাজধানী দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২০২ টাকা কমে নতুন মূল্য হয়েছে ২,৭২৮ টাকা। অন্যদিকে কলকাতায় সিলিন্ডার প্রতি দাম কমেছে ২০৯ টাকা। ফলে শহরে একটি ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের নতুন দাম দাঁড়িয়েছে ২,৮৭২.৫০ টাকা।

তবে এই মূল্যহ্রাস শুধুমাত্র বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রেই প্রযোজ্য। ১৪.২ কেজির গার্হস্থ্য রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন করা হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বিশ্ববাজারে জ্বালানির দামের ওঠানামা এবং ইরান-সহ মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে গত কয়েক মাসে বাণিজ্যিক এলপিজির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছিল। তবে জুলাই মাসের পর এবারও দাম কমায় ব্যবসায়ীদের স্বস্তি মিলবে বলে মনে করা হচ্ছে।

এদিকে, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উচ্চপর্যায়ের বৈঠকে দেশের জ্বালানি পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সরকার জানিয়েছে, দেশে পেট্রোল, ডিজেল ও এলপিজির পর্যাপ্ত মজুত রয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরতা কমাতে বিকল্প উৎস থেকে এলপিজি আমদানি বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে। ২০২৭ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মোট এলপিজি আমদানির প্রায় এক-চতুর্থাংশ সংগ্রহের পরিকল্পনা করছে ভারত।

Share This Article
Leave a comment