বিদ্যুৎ পরিষেবায় বড় বদল, মাসিক বিল চালু, স্মার্ট মিটার নিয়ে জল্পনায় ইতি

Chandan Das

এসএন মিডিয়া, নিউজ ডেস্ক :পশ্চিমবঙ্গে বিদ্যুৎ পরিষেবায় বড় পরিবর্তনের ঘোষণা করল রাজ্য সরকার। বুধবার বিধানসভায় বিদ্যুৎ বণ্টন ও সরবরাহ সংক্রান্ত বাজেট আলোচনার জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী জানান, এবার থেকে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা (WBSEDCL) সিইএসসি-র ধাঁচে প্রতি মাসে গ্রাহকদের বাড়িতে বিদ্যুতের বিল পাঠাবে। এতদিন তিন মাস অন্তর বিল আসায় একসঙ্গে বড় অঙ্কের টাকা পরিশোধ করতে গিয়ে বহু গ্রাহক সমস্যায় পড়তেন। সেই অসুবিধা দূর করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্মার্ট মিটার নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, সাধারণ গৃহস্থালির ক্ষেত্রে স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক নয়। ফলে এ নিয়ে আতঙ্ক বা বিভ্রান্তির কোনও কারণ নেই। তবে সরকারি দফতরগুলিতে ধাপে ধাপে স্মার্ট মিটার বসানোর কাজ চলবে।

এদিন বিদ্যুৎ চুরির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথাও ঘোষণা করা হয়। পাশাপাশি রাজ্যের সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের সিদ্ধান্তের কথাও জানানো হয়েছে। সরকারের দাবি, এই পদক্ষেপে সাধারণ মানুষের আর্থিক স্বস্তির পাশাপাশি জনপরিষেবার মানও আরও উন্নত হবে।

Share This Article
Leave a comment