এসএন মিডিয়া,নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে মরশুমের প্রথম নিম্নচাপ তৈরি হওয়ায় রাজ্যের আবহাওয়ায় ফের বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে গভীর নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হলেও, নতুন সপ্তাহের শুরু থেকেই উত্তরবঙ্গেও ফের বৃষ্টির দাপট বাড়তে চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
শনিবারের পূর্বাভাস অনুযায়ী, আপাতত পাহাড় ও ডুয়ার্সে ভারী বৃষ্টির তেমন আশঙ্কা নেই। তবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আগামী সপ্তাহের শুরু থেকে এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। ফলে পার্বত্য ও সমতল এলাকার পরিস্থিতির ওপর নজর রাখছেন আবহবিদরা।
অন্যদিকে, বঙ্গোপসাগরের নিম্নচাপটি আরও শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও হাওড়ায় রয়েছে কমলা সতর্কতা। রবিবার আরও কয়েকটি জেলায় লাল সতর্কতা জারি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
এদিকে সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় আগামী ৭ জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কলকাতাতেও কমলা সতর্কতা জারি রয়েছে। শহরে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রশাসনের তরফে সকলকে প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।