এসএন মিডিয়া,নিউজ ডেস্ক: প্রতিদিন নিয়ম করে দাঁত মাজেন, তবুও মাড়িতে ব্যথা বা দাঁতে শিরশিরানির সমস্যা লেগেই রয়েছে? দন্ত্যচিকিৎসকদের মতে, এর অন্যতম কারণ হতে পারে দাঁত মাজার ভুল পদ্ধতি।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অনেকেই দাঁত ব্রাশ করার পর সঙ্গে সঙ্গে জল দিয়ে কুলকুচি করে মুখ ধুয়ে ফেলেন। অথচ এই অভ্যাসই দাঁতের ক্ষতির কারণ হতে পারে। চিকিৎসকদের দাবি, ব্রাশ করার পর মুখের অতিরিক্ত ফেনা ফেলে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করা উচিত। কারণ টুথপেস্টে থাকা ফ্লুয়োরাইড বা ন্যানো-হাইড্রক্সিঅ্যাপাটাইট দাঁতের উপর একটি সুরক্ষামূলক স্তর তৈরি করে। সঙ্গে সঙ্গে জল দিয়ে মুখ ধুয়ে ফেললে সেই উপকারী উপাদান ধুয়ে যায় এবং দাঁত প্রয়োজনীয় সুরক্ষা থেকে বঞ্চিত হয়।
এছাড়াও শক্ত ব্রিসলযুক্ত ব্রাশ ব্যবহারের বিরুদ্ধেও সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, শক্ত ব্রাশ দাঁতের এনামেল ক্ষয় করে দিতে পারে। তাই নরম ব্রিসলযুক্ত ব্রাশ ব্যবহার করা এবং প্রতি ৪ থেকে ৬ সপ্তাহ অন্তর তা পরিবর্তন করা জরুরি।
চিকিৎসকদের আরও পরামর্শ, দাঁতে দৃশ্যমান সমস্যা না থাকলেও নিয়মিত ডেন্টাল চেক-আপ করানো উচিত। দাঁতের অযত্ন শুধু মুখগহ্বরেই নয়, হৃদ্যন্ত্র, মস্তিষ্ক এবং রক্তে শর্করার মাত্রার উপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সঠিক পদ্ধতিতে, মাড়ি ও দাঁতের সংযোগস্থলে বৃত্তাকারভাবে ব্রাশ করাই সুস্থ দাঁতের চাবিকাঠি বলে মত বিশেষজ্ঞদের।