এসএন মিডিয়া,নিউজ ডেস্ক:ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানে গত কয়েকদিনের আতঙ্কের অবসান ঘটল। বন দফতরের পাতা খাঁচায় অবশেষে ধরা পড়ল একটি পূর্ণবয়স্ক চিতা বাঘ। বুধবার গভীর রাতে গয়েরকাটা চা বাগানের ১০ নম্বর সেকশনের পাম্প হাউস সংলগ্ন এলাকায় বসানো ফাঁদে চিতাটি ধরা পড়ে। বৃহস্পতিবার ভোরে কাজে যাওয়ার সময় চা-শ্রমিকরা প্রথম খাঁচাবন্দি চিতাটিকে দেখতে পান। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় উপচে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বনকর্মীদের নিরাপত্তা বলয় তৈরি করে বারবার সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার অনুরোধ জানাতে হয়।
গত কয়েক সপ্তাহ ধরে এলাকায় চিতা বাঘের আনাগোনায় আতঙ্কে ছিলেন শ্রমিক ও বাসিন্দারা। লোকালয় থেকে গবাদি পশু নিখোঁজ হওয়ার ঘটনাও সামনে আসে। এরপর বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াড নজরদারি বাড়িয়ে টোপ হিসেবে একটি ছাগল রেখে বিশেষ খাঁচা বসায়। সেই ফাঁদেই ধরা পড়ে চিতাটি। বন দফতর জানিয়েছে, স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক পর্যবেক্ষণের পর চিতাটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। পাশাপাশি এলাকায় আরও চিতার উপস্থিতি রয়েছে কি না, তা জানতে নজরদারি ও ক্যামেরা ট্র্যাপ বসানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে।