এসএন মিডিয়া,নিউজ ডেস্ক:পশ্চিম বর্ধমানের বারাবনি ব্লকে অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগীদের তথ্য যাচাই করতে গিয়ে অপমান ও হেনস্তার অভিযোগ তুললেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। ঘটনার প্রতিবাদে ‘পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতি’-র পক্ষ থেকে বারাবনি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সমিতির দাবি, প্রশাসনের নির্দেশে বিভিন্ন পঞ্চায়েত এলাকায় তথ্য যাচাইয়ের কাজ চলাকালীন গত ৭ জুলাই ব্লক অফিসের মূল ফটকের সামনে কাপিষ্ঠা এলাকার বাসিন্দা কাকলি সিনহা ও তাঁর অনুগামীরা কর্তব্যরত কর্মীদের উদ্দেশে প্রকাশ্যে কুরুচিকর মন্তব্য করেন। সংবাদমাধ্যম ও সাধারণ মানুষের সামনেই এই ঘটনার জেরে কর্মীরা অপমানিত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ।
অঙ্গনওয়াড়ি কর্মীরা জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁরা অন্নপূর্ণা যোজনার কাজে অংশ নেবেন না। সংগঠনের দাবি, অভিযুক্ত প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা না চাইলে কর্মবিরতি চলবে। পাশাপাশি ভবিষ্যতে নিরাপদ পরিবেশে কাজের নিশ্চয়তা দিতে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপও দাবি করা হয়েছে। বারাবনি থানার পুলিশ জানিয়েছে, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।