এসএন মিডিয়া, নিউজ ডেস্ক:রাজ্যে বর্ষার দাপট অব্যাহত। গত কয়েকদিন ধরেই কখনও ভারী বৃষ্টি, কখনও মেঘলা আকাশে ভিজছে বাংলা। এরই মধ্যে বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ আরও শক্তি বাড়াচ্ছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর প্রভাবে সোমবার রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের উপর প্রায় ৯.৪ কিলোমিটার উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাবেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে, যা আগামী এক-দুদিনের মধ্যে আরও সুস্পষ্ট রূপ নিতে পারে। পাশাপাশি রাজস্থান থেকে উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত সক্রিয় মৌসুমি অক্ষরেখাও বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি করেছে।
কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব জেলায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর।
উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। জলপাইগুড়ি ও কালিম্পঙে আগামী শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবারের পর আলিপুরদুয়ার ও কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে মঙ্গলবারের পর থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগ কিছুটা কমলেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।