দুর্গাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, চারচাকা গাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

Chandan Das

এসএন মিডিয়া,নিউজ ডেস্ক: দুর্গাপুরের বিধান নগরের জোনাল মার্কেটের সামনে মঙ্গলবার এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। হঠাৎ একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি ফলের দোকানে ঢুকে পড়ে।

জানা গেছে, সেই সময় দোকানের সামনে কয়েকজন ক্রেতা ফল কিনছিলেন। আচমকা গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন প্রায় ৫৫ বছর বয়সী এক ব্যক্তি। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই দুর্ঘটনায় একটি শিশুসহ মোট তিনজন আহত হয়েছেন। আহতদেরও দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে শিশুসহ একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। অন্য একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

ঘটনার খবর পেয়ে দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ গাড়ির চালক ও দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে আটক করেছে। কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

Share This Article
Leave a comment