আগামী শিক্ষাবর্ষ থেকেই পাঠ্যসূচিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়? বড় ইঙ্গিত শুভেন্দুর

Chandan Das

এসএন মিডিয়া, নিউজ ডেস্ক:রাজ্যে বিজেপি সরকার গঠনের পর ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পাঠ্যসূচি নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকেই স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত পাঠ্যপুস্তকে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন, অবদান ও রাষ্ট্রচিন্তা অন্তর্ভুক্ত হওয়া উচিত বলে তাঁর মত।

মুখ্যমন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মত্যাগ ও ঐতিহাসিক ভূমিকা যথাযথ গুরুত্ব পায়নি। তাঁর সরকারের লক্ষ্য সেই ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা। প্রস্তাবিত পাঠ্যসূচিতে পশ্চিমবঙ্গ গঠনে তাঁর ভূমিকা, অখণ্ড ভারতের ভাবনা, স্বাধীন ভারতের প্রথম শিল্পমন্ত্রী হিসেবে অবদান এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য হিসেবে শিক্ষাক্ষেত্রে তাঁর কাজ স্থান পেতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে মিত্র ইনস্টিটিউশনের উন্নয়নের জন্য বিধায়ক তহবিল থেকে ২৫ লক্ষ টাকা অনুদানের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী। এদিন সকালে রেড রোডে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান, বিজেপির রাজ্য সদর দপ্তরের কর্মসূচিতে অংশগ্রহণ এবং পরে মিত্র ইনস্টিটিউশনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি।

এদিকে, ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্যজুড়ে বিজেপির একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। পাশাপাশি নিউটাউনের ইকোপার্ক সংলগ্ন এলাকায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উচ্চতার প্রস্তাবিত মূর্তির ভূমিপূজনের কর্মসূচিও বিশেষ তাৎপর্য বহন করছে।

Share This Article
Leave a comment