টানা বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গ, পাহাড়-সহ ৫ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, জারি হলুদ সতর্কতা

Chandan Das

এসএন মিডিয়া,নিউজ ডেস্ক:উত্তরবঙ্গে বর্ষার দাপট আপাতত কমার কোনও লক্ষণ নেই। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবারও উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকবে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পাঁচ জেলার জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

এছাড়াও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কয়েকটি জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর।

টানা বর্ষণের জেরে পাহাড়ি এলাকায় একাধিক রাস্তায় ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন নদীর জলস্তরও বাড়ছে। ফলে ভূমিধস, রাস্তা বিপর্যয় এবং নদীতীরবর্তী এলাকায় জলস্তর বৃদ্ধি নিয়ে প্রশাসনের উদ্বেগ বেড়েছে। প্রয়োজন ছাড়া পাহাড়ি পথে যাতায়াত না করার পাশাপাশি নদীর ধারে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে সাধারণ মানুষকে।

অন্যদিকে দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা অব্যাহত। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাসহ একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং পুরুলিয়ায় হলুদ সতর্কতা জারি হয়েছে। এসব জেলায় ঝোড়ো হাওয়ার পাশাপাশি কোথাও কোথাও ভারী বৃষ্টি হলেও অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বর্ষণই হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

Share This Article
Leave a comment