দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে দুর্যোগ কমার ইঙ্গিত

Chandan Das

এসএন মিডিয়া,নিউজ ডেস্ক :রাজ্যের আবহাওয়ায় এখন দুই ভিন্ন চিত্র। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে ধীরে ধীরে উন্নতি হবে আবহাওয়ার।

বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং ও কোচবিহারে ভারী ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ হতে পারে। বৃহস্পতিবারও একই পরিস্থিতি বজায় থাকবে। শুক্রবার থেকে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। যদিও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী সোমবার থেকে ফের দুর্যোগ ফিরতে পারে উত্তরে।

অন্যদিকে, বুধবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি হয়েছে। শুক্রবার পর্যন্ত আবহাওয়ার বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। শনিবার থেকে কয়েকটি জেলায় বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

Share This Article
Leave a comment