রথ যাত্রার রেশ কাটতে না কাটতেই দুর্যোগের আশঙ্কা, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা

Chandan Das

এসএন মিডিয়া, নিউজ ডেস্ক:রথযাত্রার আবহ কাটতে না কাটতেই ফের দুর্যোগের মুখে পশ্চিমবঙ্গ। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আগামী ১৯ জুলাই পর্যন্ত রাজ্যজুড়ে বৃষ্টির দাপট অব্যাহত থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে ১৯ জুলাইয়ের পর উত্তরবঙ্গে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, ১৯ ও ২০ জুলাইয়ের মধ্যে নিম্নচাপটি উত্তরবঙ্গের দিকে সরে যাওয়ায় সেখানে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। এর ফলে তিস্তা-সহ একাধিক নদীর জলস্তর বৃদ্ধি, জলমগ্ন পরিস্থিতি এবং পাহাড়ি এলাকায় নতুন করে ধস নামার আশঙ্কা তৈরি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গেও বৃষ্টির দাপট কমার লক্ষণ নেই। শুক্রবার বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে, বঙ্গোপসাগরের নিম্নচাপটি শুক্রবার আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কায় শনিবার সকাল পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূল ও সংলগ্ন সমুদ্রে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে আবহাওয়া দপ্তর ও প্রশাসন।

Share This Article
Leave a comment