এসএন মিডিয়া,নিউজ ডেস্ক:দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা কমলেও বৃহস্পতিবার থেকেই ফের বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে। কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় জারি হয়েছে হলুদ সতর্কতা। শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা বহাল থাকবে।
অন্যদিকে, উত্তরবঙ্গে আগামী কয়েক দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে। বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবারও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে কমলা সতর্কতা বহাল থাকবে। মালদা ও দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, পূর্ব মধ্যপ্রদেশে সরে যাওয়া নিম্নচাপের সরাসরি প্রভাব বাংলায় না থাকলেও মৌসুমি অক্ষরেখা এবং সক্রিয় বায়ুমণ্ডলীয় পরিস্থিতির জেরে এই বৃষ্টিপাত হবে। পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। তিস্তা, তোর্সা, জলঢাকা ও রাইডাক নদীর জলস্তর বিপদসীমার কাছাকাছি বা তার উপরে পৌঁছতে পারে। নিচু এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি কৃষিজমিরও ক্ষতির আশঙ্কা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।