অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে পুলিশের কড়া অভিযান

Chandan Das

এসএন মিডিয়া,নিউজ ডেস্ক:মাইকিং করেও কাজ হল না, নিষিদ্ধ গাঁজা চাষের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল পুলিশ। মঙ্গলবার দুপুরে সাহেবগঞ্জ থানার বুড়িরহাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বাড়ির আঙিনা ও বিভিন্ন চাষের জমিতে লাগানো গাঁজা গাছ উপড়ে নষ্ট করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই বুড়িরহাটের বিভিন্ন এলাকায় গোপনে গাঁজা চাষের অভিযোগ উঠছিল। এরপর প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার মাইকিং করে বাসিন্দাদের সতর্ক করা হয় এবং নিষিদ্ধ গাঁজা চাষ বন্ধ করার আবেদন জানানো হয়। কিন্তু সেই সতর্কবার্তা উপেক্ষা করে অনেকেই গোপনে গাঁজা গাছ লাগিয়ে রাখছিলেন বলে অভিযোগ।

মঙ্গলবার পুলিশের বিশেষ দল এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত জমি ও বাড়ির আশপাশে লাগানো গাঁজা গাছ একে একে উপড়ে ধ্বংস করে। অভিযানের সময় স্থানীয়দেরও সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এই ধরনের বেআইনি কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়।

পুলিশের দাবি, অবৈধ মাদক চাষের বিরুদ্ধে তাদের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কোথাও গাঁজা চাষের খবর পেলেই দ্রুত অভিযান চালানো হবে এবং প্রয়োজন হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসনের আশা, ধারাবাহিক নজরদারি ও কঠোর পদক্ষেপের ফলে এলাকায় অবৈধ গাঁজা চাষ অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।

Share This Article
Leave a comment