দক্ষিণবঙ্গে নিম্নচাপের দাপট, একাধিক জেলায় লাল সতর্কতা; সপ্তাহের মাঝামাঝি উত্তরবঙ্গেও বাড়বে বৃষ্টির সম্ভাবনা

Chandan Das

এসএন মিডিয়া,নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে ফের দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপটি আরও শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহবিদ অন্বেষা ভট্টাচার্য জানিয়েছেন, মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত থাকায় রাজ্যে বিপুল পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করছে। ফলে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, পুরুলিয়া এবং বাঁকুড়ায় লাল সতর্কতা জারি হয়েছে। কলকাতা-সহ অন্যান্য জেলায় রয়েছে কমলা সতর্কতা। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গে আপাতত কিছুটা স্বস্তির ছবি। সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও মঙ্গলবার থেকে ফের বৃষ্টির দাপট বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি, সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দিয়েছে আবহাওয়া দপ্তর।

Share This Article
Leave a comment