এসএন মিডিয়া,নিউজ ডেস্ক: টানা মূল্যবৃদ্ধির পর অবশেষে স্বস্তির খবর বাণিজ্যিক এলপিজি গ্রাহকদের জন্য। ১ জুলাই থেকে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম উল্লেখযোগ্যভাবে কমানোর ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। নতুন দরে কলকাতায় একটি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৭৪ টাকা কমে হয়েছে ৩,০৮১.৫০ টাকা। একইভাবে দিল্লিতে ১৮৩ টাকা কমে নতুন দাম দাঁড়িয়েছে ২,৯৩০ টাকা। ফলে হোটেল, রেস্তোরাঁ, ক্যাটারিং এবং অন্যান্য ব্যবসায়িক মহলে স্বস্তি ফিরেছে।
পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে, শুধু দাম কমানোই নয়, বাণিজ্যিক এলপিজি সরবরাহের ওপর থাকা সমস্ত ক্ষেত্রভিত্তিক বিধিনিষেধও প্রত্যাহার করা হয়েছে। যুদ্ধ-পূর্ব সময়ের মতো স্বাভাবিক সরবরাহ ব্যবস্থা পুনরায় চালু হবে। পাশাপাশি, সংকটের সময় বন্ধ হয়ে যাওয়া বাল্ক এলপিজি সরবরাহও প্রাক-যুদ্ধকালীন চাহিদার ৫০ শতাংশ হারে ফের শুরু হয়েছে। তবে ১৪.২ কেজির ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন আনা হয়নি।
পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে সম্প্রতি এলপিজি সরবরাহে বড়সড় প্রভাব পড়েছিল। সেই সময় অপরিহার্য পণ্য আইন প্রয়োগ করে সরকার রিফাইনারিগুলিকে এলপিজি উৎপাদন বাড়ানোর নির্দেশ দেয় এবং বাণিজ্যিক গ্রাহকদের সরবরাহ সীমিত রাখা হয়। বর্তমানে অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি এবং আমদানিকৃত এলপিজির সরবরাহ স্বাভাবিক হওয়ায় বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, সরকারের এই সিদ্ধান্তে ছোট-বড় ব্যবসার খরচ কমবে এবং বাজারে ইতিবাচক প্রভাব পড়বে।