ডেলিভারি সংস্থার গোডাউনে দুঃসাহসিক চুরি, উধাও ৬ মোবাইল

Chandan Das

এসএন মিডিয়া,নিউজ ডেস্ক: শহরের ব্যস্ত এলাকার মধ্যেই একটি বেসরকারি ডেলিভারি সংস্থার গোডাউনে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দিনহাটায়। গোসানিরোড সংলগ্ন ওই গোডাউনের শাটার ভেঙে ভিতরে ঢুকে দুষ্কৃতীরা ছয়টি মোবাইল ফোন-সহ একাধিক মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়। নগদ অর্থ চুরি হয়েছে কি না, তা এখনও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।

সংস্থা সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে, আনুমানিক আড়াইটে নাগাদ চোরেরা গোডাউনে হানা দেয়। শাটার ভেঙে ভিতরে ঢুকে তারা বিভিন্ন সামগ্রী চুরি করে। গোডাউনের সিসিটিভি ক্যামেরায় ঘটনার কিছু অংশ ধরা পড়েছে। সেই ফুটেজের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সোমবার সকালে কাজে এসে সংস্থার কর্মী আবদুল সাদ্দাম শাটার ভাঙা অবস্থায় দেখতে পান। তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি সংস্থার ম্যানেজার বাপ্পা শর্মা ও স্থানীয় বাসিন্দাদের জানান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং প্রয়োজনীয় নমুনা সংগ্রহের পাশাপাশি সিসিটিভি ফুটেজও পরীক্ষা করে।

সংস্থার ম্যানেজার জানান, প্রাথমিক হিসাবে ছয়টি মোবাইল ফোন খোয়া গিয়েছে। স্টক ও হিসাবপত্র মিলিয়ে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব করা হচ্ছে। শহরের গুরুত্বপূর্ণ এলাকায় এমন চুরির ঘটনায় রাতের নিরাপত্তা ও পুলিশি টহল নিয়ে প্রশ্ন উঠেছে।

Share This Article
Leave a comment