এসএন মিডিয়া,নিউজ ডেস্ক : জুন মাসের শেষলগ্নে রাজ্যের আবহাওয়ায় স্পষ্ট বৈপরীত্যের ছবি ধরা পড়েছে। উত্তরবঙ্গের পাঁচ জেলায় প্রবল বর্ষণের আশঙ্কায় জারি হয়েছে লাল সতর্কতা। বিশেষ করে আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী ৫ জুলাই পর্যন্ত পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দার্জিলিং ও সংলগ্ন এলাকায় ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় ভূমিধস ও জলাবদ্ধতার আশঙ্কাও বাড়ছে। প্রশাসনকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। কলকাতাসহ বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস।
এদিকে সোমবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।