ঝড়বৃষ্টিতে বিধ্বস্ত রাজ্য, দক্ষিণবঙ্গে কিছুটা স্বস্তি, উত্তরবঙ্গে বাড়বে দুর্যোগ 

Chandan Das

এসএন মিডিয়া,নিউজ ডেস্ক: মঙ্গলবার সন্ধ্যায় এক ঘণ্টার প্রবল ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে কার্যত লণ্ডভণ্ড হয়ে যায় কলকাতা। শহরের একাধিক এলাকায় জল জমে যায়, ব্যাহত হয় যান চলাচল। তবে বুধবার থেকে কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দুর্যোগের তীব্রতা কিছুটা কমার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। তবুও আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এসব এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে উত্তরবঙ্গে আপাতত দুর্যোগ কমার কোনও লক্ষণ নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। বিশেষ করে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একটানা বৃষ্টির জেরে পাহাড় ও সমতল উভয় এলাকাতেই জনজীবন বিপর্যস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

Share This Article
Leave a comment