এসএন মিডিয়া,নিউজ ডেস্ক: আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই রাজ্যের বাকি অংশে বর্ষা প্রবেশ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সক্রিয় মৌসুমী বায়ু এবং বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প প্রবেশের ফলে রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি ও বজ্রপাতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ও বুধবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
অন্যদিকে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি ও নদিয়াসহ একাধিক জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস রয়েছে। পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং দুই বর্ধমানেও সপ্তাহজুড়ে আবহাওয়া খারাপ থাকার সম্ভাবনা। তবে বৃষ্টির জেরে তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।