এসএন মিডিয়া,নিউজ ডেস্ক: একেবারে সিনেমার দৃশ্যকেও হার মানানো কায়দায় অভিযান চালিয়ে অবৈধ বন্যপ্রাণী পাচার ও বাণিজ্যের বিরুদ্ধে বড় সাফল্য পেল বনদপ্তর এবং স্বেচ্ছাসেবী সংস্থা SPOAR (সোসাইটি ফর প্রোটেক্টিং ওফিওফনা অ্যান্ড অ্যানিম্যাল রাইটস)। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার গভীর রাত থেকে ক্রেতা সেজে অভিযানে নামে বনদপ্তরের আধিকারিক ও SPOAR-এর সদস্যরা। গোটা বিষয়টিতে নজর রাখে কোচবিহার ডিভিশনের DFO ও ADFO।
দীর্ঘ নজরদারির পর কচ্ছপের মাংস বিক্রির একটি বড় চক্রের সন্ধান মেলে।অভিযান চলাকালীন ভাগ্যধর রায় নামে এক ব্যক্তিকে হাতেনাতে কচ্ছপের মাংস বিক্রি করতে গিয়ে আটক করা হয়। পরে বনদপ্তরের কর্মীরা তাকে গ্রেফতার করে। ধৃত ব্যক্তি হলদিবাড়ি ব্লকের কানাপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।
বনদপ্তর সূত্রে খবর, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করার চেষ্টা চলছে। উল্লেখ্য, কচ্ছপ বন্যপ্রাণী (সংরক্ষণ) আইন, ১৯৭২-এর প্রথম তফসিলভুক্ত সুরক্ষিত প্রাণী। SPOAR-এর পক্ষ থেকে জানানো হয়েছে, কচ্ছপ পাচার বা হত্যা বাঘ, হাতি কিংবা গন্ডার পাচারের মতোই গুরুতর অপরাধ। সংগঠনের তরফে সাধারণ মানুষকে এই অবৈধ কারবার থেকে দূরে থাকার এবং বন্যপ্রাণ সংরক্ষণে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।