এসএন মিডিয়া,নিউজ ডেস্ক: ট্রাফিক আইন অমান্যকারী ই-রিকশা চালকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিল কোচবিহার জেলা ট্রাফিক পুলিশ। দীর্ঘদিন ধরেই ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ই-রিকশা চালকদের নির্দিষ্ট রুট মেনে চলাচল এবং নিয়ম মেনে যাত্রী পরিবহনের বিষয়ে সচেতন করা হচ্ছিল। কিন্তু বারংবার সতর্ক করার পরও বহু চালক ট্রাফিক বিধি উপেক্ষা করে নির্বিচারে গাড়ি চালিয়ে যাচ্ছেন। এর ফলে শহরে যানজট বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সাধারণ মানুষের চলাচলেও বিঘ্ন ঘটছে।
শুক্রবার কোচবিহার শহরের দেশবন্ধু মার্কেট থেকে মরা পোড়া চৌপতি পর্যন্ত সদর ট্রাফিক ওসির নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ৩০টি ই-রিকশা আটক করা হয়। শুধু আটক করেই ক্ষান্ত থাকেনি পুলিশ, ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্ট চালকদের জরিমানাও করা হয়।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনেক চালক অতিরিক্ত যাত্রী বহনের উদ্দেশ্যে গাড়িতে অবৈধভাবে অতিরিক্ত সিট সংযোজন করছেন। তিনজন যাত্রী বহনের অনুমতি থাকলেও অনেক ক্ষেত্রে তার চেয়ে বেশি যাত্রী তোলা হচ্ছে। এমনকি চালকের দু’পাশেও যাত্রী বসানোর অভিযোগ রয়েছে। এছাড়া নির্ধারিত রুট না মেনে চলাচলকারী গাড়ির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।
ট্রাফিক পুলিশের দাবি, সাধারণ মানুষের স্বাভাবিক যাতায়াত নিশ্চিত করতেই এই অভিযান। ভবিষ্যতেও নিয়মভঙ্গকারী ই-রিকশার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে। পুলিশের এই ধারাবাহিক অভিযানে শহরের অধিকাংশ বাসিন্দা খুশি।