এসএন মিডিয়া,নিউজ ডেস্ক: বদহজমজনিত বমিভাব, চলন্ত গাড়িতে গা গুলিয়ে ওঠা কিংবা মরশুমি সর্দি-কাশি এমন নানা শারীরিক সমস্যার সহজ সমাধান লুকিয়ে রয়েছে রান্নাঘরের পরিচিত উপাদান আদায়। বিশেষজ্ঞদের মতে, শুকনো আদা প্রাকৃতিকভাবে হজমশক্তি বাড়াতে সাহায্য করে এবং গলা ব্যথা বা সর্দি-কাশির উপশমেও কার্যকর ভূমিকা রাখতে পারে।
বাজারে পাওয়া শুকনো আদায় অনেক সময় অতিরিক্ত নুন বা সংরক্ষণকারী উপাদান মেশানো থাকে। তাই স্বাস্থ্যকর ও সাশ্রয়ী বিকল্প হিসেবে বাড়িতেই শুকনো আদা তৈরি করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
প্রথমে তাজা আদার খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করতে হবে। এরপর আদা সরু করে কুচি করে কেটে নিতে হবে। সেই কুচির সঙ্গে সামান্য নুন, এক চিমটে হলুদ ও গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নিতে হবে। নুন আদার অতিরিক্ত জলীয় অংশ বের করতে সাহায্য করে এবং ছত্রাক বা ব্যাকটেরিয়ার সংক্রমণের ঝুঁকি কমায়।
এরপর মশলা মাখানো আদা পরিষ্কার সুতির কাপড়ের ওপর ছড়িয়ে কড়া রোদে শুকিয়ে নিতে হবে। চাইলে দ্রুত শুকানোর জন্য মাইক্রোওয়েভ ওভেনও ব্যবহার করা যেতে পারে। সম্পূর্ণ শুকিয়ে গেলে কাচের বয়ামে সংরক্ষণ করলে মাসের পর মাস ভালো থাকে।
সামান্য বমিভাব বা গলায় অস্বস্তি অনুভব করলেই এই শুকনো আদার টুকরো মুখে রাখলে মিলতে পারে দ্রুত আরাম। বিশেষজ্ঞদের মতে, এমন ছোট স্বাস্থ্যকর অভ্যাসই দীর্ঘমেয়াদে নানা রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।