এসএন মিডিয়া,নিউজ ডেস্ক:বিধানসভা নির্বাচনের রেশ কাটার পরেও এলাকায় দেখা মেলেনি প্রধানের এবং বিভিন্ন সরকারি পরিষেবা ব্যাহত হওয়ার অভিযোগ তুলে জামালদহ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পরিচালিত প্রধান গীতা বর্মনের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে ঘিরে জামালদহ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ১৬৪ গোপালপুর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।
স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই পঞ্চায়েতের বিভিন্ন পরিষেবা সঠিকভাবে পাচ্ছেনা সাধারণ মানুষ । পাশাপাশি, প্রধানের নির্দেশ অনুযায়ী বহু মানুষের নাম জব কার্ডের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন বিক্ষোভকারীরা। ক্ষিপ্ত গ্রামবাসীরা প্রধানের বাড়ির সামনে দীর্ঘক্ষন বিক্ষোভ প্রদর্শন করেন।
বিক্ষোভ চলাকালীন এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পাল্টা অভিযোগ উঠে , প্রধানের বাড়ি লক্ষ্য করে পচা ডিম ও জলের বোতল ছোড়া হয়। এমনকি বাড়িতে হামলার চেষ্টাও করা হয়। ঘটনার সময় বাড়িতেই ছিলেন প্রধান গীতা বর্মন ও তাঁর স্বামী দীননাথ বর্মন।
পরবর্তীতে প্রধান গীতা বর্মন অভিযোগ করেন, তাঁকে প্রাণনাশের চেষ্টা করা হয়েছে। তিনি দীর্ঘ সময় ধরে অসুস্থ থাকায় নিয়মিত পঞ্চায়েত কার্যালয়ে যেতে পারছিলেন না। তবে সেই কারণ দেখিয়ে তাঁর বাড়িতে এভাবে হামলা ও ভাঙচুরের চেষ্টা করা হবে, তা তিনি মেনে নিতে পারছেন না।ঘটনার জেরে এলাকা উত্তপ্ত হয়ে রয়েছে । পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাহিনী নামিয়েছে । এলাকায় মোতায়েন করা হয়েছে মেখলীগঞ্জ থানার পুলিশ।