এসএন মিডিয়া,নিউজ ডেস্ক:স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর প্রথমবার কোচবিহারে পৌঁছালেন তুফানগঞ্জের বিধায়িকা তথা মন্ত্রী মালতি রাভা রায়। তাঁকে স্বাগত জানাতে খাগড়াবাড়ি চৌপতি এলাকায় উপস্থিত ছিলেন বিজেপির জেলা ও স্থানীয় নেতৃত্বরা। সেখানে পৌঁছাতেই দলীয় কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো ছিল। মালতি রাভা রায়কে সুসজ্জিত গাড়িতে করে নিয়ে যাওয়া হয় কোচবিহার জেলা বিজেপি কার্যালয়ে।
কোচবিহারে ফিরেই তিনি ঐতিহ্যবাহী মদনমোহন মন্দিরে পুজো দেন এবং সকলের মঙ্গল কামনা করেন। নেত্রীকে কাছে পেয়ে বিজেপির মহিলা নেতৃত্ব থেকে শুরু করে সাধারণ কর্মী-সমর্থকদের মধ্যে উৎসবের আবহ তৈরি হয়। এদিন মালতি রাভা রায় জানান, আগামী দিনে তুফানগঞ্জের সার্বিক উন্নয়নের জন্য আরও বেশি করে কাজ করবেন। মন্ত্রী হিসেবে মানুষের প্রত্যাশা পূরণে তিনি সর্বদা সচেষ্ট থাকবেন বলেও আশ্বাস দেন।