ফের বড় সাফল্য পেল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ,৪০ কেজি গাঁজা উদ্ধার!

Chandan Das

এসএন মিডিয়া,নিউজ ডেস্ক:কোচবিহারে ফের বড়সড় সাফল্য পেল কোতোয়ালি থানার পুলিশ। কুরিয়ারের মাধ্যমে পাচারের আগেই বিপুল পরিমাণ গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের ৩ নম্বর ওয়ার্ড সংলগ্ন গোরস্থান মোড়ের ক্যান্সার রোড এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্দেহভাজন ব্যক্তিকে প্রথমে আটক করে তার গাড়িতে তল্লাশি চালানো হয়। এরপর বস্তা খুলতেই চোখ কপালে ওঠে পুলিশের। দামি শাড়ির ভাঁজে ভাঁজে লুকিয়ে রাখা ছিল গাঁজার প্যাকেট। উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক, ম্যাজিস্ট্রেট ও কোতোয়ালি থানার আইসি। তাঁদের সামনেই একের পর এক প্যাকেট উদ্ধার করা হয়।

পুলিশের অনুমান, কুরিয়ারের মাধ্যমে প্রায় ৪০ কেজি গাঁজা পাচারের পরিকল্পনা ছিল। তবে শেষরক্ষা হয়নি। পাচারের আগেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। পুলিশ মাদকদ্রব্য পাচারের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। আজ অভিযুক্তকে তোলা হবে কোর্টে।

Share This Article
Leave a comment