এসএন মিডিয়া,নিউজ ডেস্ক: সীমান্ত নিরাপত্তা জোরদার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে তিন দিনের উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয়েছে নয়াদিল্লিতে। সোমবার থেকে শুরু হওয়া এই বৈঠক চলবে আগামী ১১ জুন পর্যন্ত। বৈঠকে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এবং বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র শীর্ষ আধিকারিকরা অংশ নিয়েছেন।
সূত্রের খবর, এবারের আলোচনার অন্যতম প্রধান বিষয় হলো অবৈধ অনুপ্রবেশকারীদের ‘পুশব্যাক’ বা নিজ দেশে ফেরত পাঠানোর নীতি। এ বিষয়ে ভারত স্পষ্ট বার্তা দিতে চলেছে যে, অবৈধভাবে সীমান্ত অতিক্রমকারীদের গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশের কোনো ধরনের গড়িমসি মেনে নেওয়া হবে না। সীমান্ত সুরক্ষার প্রশ্নে ভারত আপসহীন অবস্থান বজায় রাখবে বলেও জানানো হয়েছে।
এছাড়া ভারত-বাংলাদেশ সীমান্তের প্রায় ৮৬০ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ এবং দুর্গম অঞ্চলে নজরদারি বৃদ্ধির বিষয়েও আলোচনা হবে। বৈঠকে বিএসএফ প্রধান প্রবীণ কুমার এবং বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মুহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
অনুপ্রবেশ, সীমান্তে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা এবং অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের প্রত্যর্পণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ও আলোচনায় স্থান পাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, দুই দেশের মধ্যে সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা সহযোগিতা আরও শক্তিশালী করতে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।