এসএন মিডিয়া,নিউজ ডেস্ক:গতকাল রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ডোমকল থানার পুলিশ বিপুল পরিমাণ তাজা সকেট বোমা উদ্ধার করে। একটি কাঁঠাল বাগানে মাটির নিচে তিনটি জারে রাখা ছিল বোমাগুলি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানাযায়, শনিবার রাতে ডোমকল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ডোমকলের রায়পুর গ্রাম পঞ্চায়েতের কুপিলা বিশ্বাসপাড়া এলাকায় ডোমকল থানার আইসি পার্থ সারথি মজুমদারের নেতৃত্ব পুলিশের একটি টিম অভিযান চালায়। একটি কাঁঠাল বাগানের তল্লাশি চালাতেই মাটির নিচে পুঁতে রাখা তিনটি প্লাস্টিকের জার উদ্ধার হয়। সেই প্লাস্টিকের জার থেকে প্রায় ৬০ থেকে ৭০টি তাজা সকেট বোমা রয়েছে বলে অনুমান পুলিশের। বিপুল সংখ্যক বোমা উদ্ধারের পর ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ। বোমা গুলো নিস্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয় বোম স্কোয়াড টিমকে। বোমা গুলি কে বা কারা মজুত করেছিল তার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ।