এসএন মিডিয়া, নিউজ ডেস্ক:শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া এলাকার জয়ন্তিকা চা বাগানে তিনটি চিতাবাঘের শাবকের দেখা মেলায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চা বাগানের শ্রমিকরাই প্রথম শাবকগুলিকে দেখতে পান। এরপর দ্রুত খবর দেওয়া হয় বনদফতরে।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় ঘোষপুকুর বনদফতরের কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে গোটা এলাকা ঘিরে ফেলা হয় এবং সাধারণ মানুষের যাতায়াত নিয়ন্ত্রণ করা হয়। শাবকগুলির নিরাপত্তা নিশ্চিত করতে বনদফতরের পক্ষ থেকে এলাকায় ট্র্যাপ ক্যামেরাও বসানো হয়।
পরে সেই ট্র্যাপ ক্যামেরাতেই ধরা পড়ে এক আবেগঘন দৃশ্য। গভীর রাতে মা চিতাবাঘটি এসে একে একে তিনটি শাবককে মুখে করে নিরাপদ স্থানে নিয়ে যেতে দেখা যায়। বনকর্মীদের অনুমান, শাবকগুলি সাময়িকভাবে মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। তবে মা চিতার ফিরে আসায় স্বস্তি ফিরেছে বনদফতরের অন্দরে।
বনদফতর সূত্রে খবর, বর্তমানে তিনটি শাবকই নিরাপদে রয়েছে। গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।