এসএন মিডিয়া: মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ থানার পুলিশের ফের এক বড় সাফল্য। শনিবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে ধুলিয়ান গঙ্গা ঘাট এলাকা থেকে বিপুল পরিমাণ জাল নোটসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম তৈমুর শেখ (৫০) ও ফরিদা বিবি (৩৮)। দুজনেরই বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার হাজিপুর এলাকায়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে মোট এক লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকার জাল নোট।
প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, জাল নোটগুলো সীমান্তবর্তী এলাকা থেকে পাচার করে আনা হচ্ছিল। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের রবিবার আদালতে পাঠানো হয়েছে।